সোশ্যাল মিডিয়ায় পদ্মা সেতু তৈরিতে মানুষের মাথা লাগার গুজব

১১ জুলাই, ২০১৯ ১২:৩৭  
নির্মাণাধীন পদ্মাসেতু তৈরিতে প্রয়োজন মানুষের মাথা। সম্প্রতি এমন গুজবে ছেয়ে গেছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম। আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা দেশে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি সম্পূর্ণ গুজব ও আইনত দণ্ডনীয় বলে উল্লেখ করেছে সেতু কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পদ্মা সেতু নির্মাণ কাজে মানুষের মাথা লাগবে বলে একটি মহল সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। সেতুর নির্মাণকাজের অগ্রগতি তুলে ধরে ঐ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয় যে ব্রিজ নির্মাণে মানুষের মাথা প্রয়োজন হওয়ার বিষয়টি পুরোপুরি গুজব। এতে আরো জনানো হয়, মূল সেতুর ২৯৪টি পাইলের মধ্যে ২৯২টি শেষ হয়েছে। ৪২টি পিয়ারের মধ্যে ইতিমধ্যে ৩০টি পিয়ারের কাজ সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত ১৪টি স্প্যান স্থাপন করা হয়েছে।